কারাবাও কাপের প্রথম রাউন্ডেই থেমে গেল লেস্টার সিটির অভিযান। জন স্মিথ স্টেডিয়ামে নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হাডার্সফিল্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
দুইবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি লেস্টার। ম্যাচের ৫৪ মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর দুর্দান্ত বাঁ-পায়ের শটে লিড নেয় তারা। ডি-বক্সের বাইরে থেকে পাস দেওয়ার পর বল ফিরে পেয়ে ৪–৫ জন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে গোল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এটি পেশাদার ক্যারিয়ারে তার মাত্র দ্বিতীয় গোল। প্রথমটি এসেছিল ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে।
৬৫ মিনিটে হাডার্সফিল্ড সমতায় ফেরে। তবে মাত্র তিন মিনিট পর হ্যারি উইনকসের গোল লেস্টারকে আবারও এগিয়ে দেয় (২-১)। কিন্তু ৭৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে আক্রমণে ক্যামেরন এশিয়া গোল করে ম্যাচে ফেরান স্বাগতিকরা।
ম্যাচে লেস্টারের দখলে ছিল ৬০ শতাংশ বল, তবে ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩টি। বিপরীতে হাডার্সফিল্ড লক্ষ্যে নেয় ৬ শট। টাইব্রেকারে লেস্টারের হয়ে জর্ডান আয়ু, বিলাল খানুস ও ক্যাসি ম্যাকঅ্যাতি শট মিস করেন। সুযোগ কাজে লাগিয়ে পরের রাউন্ডে ওঠে হাডার্সফিল্ড, যেখানে তাদের প্রতিপক্ষ হবে সান্ডারল্যান্ড। ম্যাচটি হবে ২৫ আগস্ট, সান্ডারল্যান্ডের মাঠে।
Reporter Name 














