যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ভাবমূর্তি সংকটের কারণ হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার তোপখানা সড়কে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশ বাহিনী কোনো ভাবমূর্তি সংকটের সম্মুখীন হবে না।”
“কম্বেটিং ফিউচার চ্যালেঞ্জেস ইন ট্যুরিজম সিকিউরিট: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ পারসপেক্টিভ” শীর্ষক এ সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদুর রহমান।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শন আগামী সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কী-না জানতে চাইলে আইজিপি বলেন, “কেউই যখন কোন অস্ত্র প্রদর্শন করে, এটা নিয়ে আমরা কাজ করি। জাতীয় নির্বাচনে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো অভিযান পরিচালিত হবে কী-না সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “আমরা যথা সময় এটা করব। তবে কৌশলগত কারণে এটা আমরা এখন বলছি না।”
তিনি আরও বলেন, “আমি আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকার রাজপথে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে ভুবনের মৃত্যু, ব্যাংক থেকে পুলিশের ডাকাতি এসব ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, “যখনই কোন ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি। পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও আমরা ছাড় দেই না। প্রতিটি ঘটনা তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।”
আইজিপি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূন্নভাবে নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসী যেই হোক কাউকে আমরা ছাড় দিচ্ছি না।”
তিনি বলেন, “নির্বাচন আসছে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন সময় কমিশন আমাদের যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।”
ট্যুরিস্ট পুলিশ সম্পর্কে মামুন বলেন, “এটি পর্যটকদের আস্থা অর্জন করেছে। একসময় আমরা ট্যুরিস্ট পুলিশের প্রয়োজন বোধ করিনি। এখন আমরা বুঝি ট্যুরিস্ট পুলিশের প্রয়োজন আছে।”
শিল্প পুলিশ গঠনের পর শিল্প খাতে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, “একইভাবে ট্যুরিস্ট পুলিশ গঠনের ফলে পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন এসেছে।”
নিজস্ব প্রতিবেদক 









