চোট কাটিয়ে ফিরেই লিওনেল মেসি দেখা দিলেন ত্রানকর্তার ভূমিকায়। পিছিয়ে পড়া দলকে প্রথমে ফেরালেন সমতায়। ম্যাচের অন্তিম সময়ে দলকে নিলেন এগিয়ে। ঘুরে দাঁড়িয়ে ওরল্যান্ডো সিটিকে হারিয়ে টানা দ্বিতীয়বার লিগস কাপের ফাইনালে উঠল ইন্টার মায়ামিও।
ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ওরল্যান্ডোকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। মেসির জোড়া গোলের পর ম্যাচের যোগ করা সময়ে তালেস্কো সেগোভিয়ার গোলে ব্যবধান বাড়ে।
ঘরের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারছিল না মায়ামি। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কো পাসালিচের গোলে পিছিয়ে পড়ে তারা।
ম্যাচের গতিপথ বদলে যায় ম্যাচের ৭৫তম মিনিটে। এসময় ডি বক্সে ফাউলের শিকার হন মায়ামি ফুটবলার। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওরল্যান্ডো ডিফেন্ডার ডেভিড ব্রেকালো।
প্রতিপক্ষ দলে একজন কমে যাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগায় মায়ামি। প্রথমে সফল স্পট কিকে সমতা টানেন মেসি। ৮৮তম মিনিটে জর্দি আলবার পাস থেকে দারুণ দক্ষতায় জটলার মধ্যে জায়গা বানিয়ে দলকে এগিয়ে নেন মেসি।
আর যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস সুয়ারেসের পাস পেয়ে ব্যবধান ৩-১ করে দেন সেগাভিয়া।
এরপর খেলা হয়েছে আরও সাত মিনিট। তবে তেমন কিছুই করতে পারেনি ওরল্যান্ডো। ব্যবধান ধরে রেখে জয়ের উল্লাস নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
ফাইনালে মায়ামির প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও স্যাটেল সাউন্ডারের মধ্যে বিজয়ী দল।
Reporter Name 









