শারদীয় দুর্গাপূজা ২০২৫-এ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন দেশের ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিশাল নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের আগে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা দিয়েছেন। তিনি দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
আনসারের সূত্র জানিয়েছে, ঝুঁকির ভিত্তিতে পূজামণ্ডপগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন, গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দেশের ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে, যারা নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি যে কোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে। এবারের নিরাপত্তা পরিকল্পনায় প্রযুক্তির ব্যবহারও যুক্ত হয়েছে। সদস্যরা ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি রিপোর্ট করবেন। এসব তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে ভাগাভাগি করে সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 









