অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় ডাক্তারদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও আহ্বান জানান তিনি।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. আসিফ নজরুল বলেন, ‘মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে।’
নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়, এমন অভিযোগও করেন আইন উপদেষ্টা। প্রশ্ন রেখে বলেন, ‘পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন, আপনারা ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?’
তিনি বলেন, ‘প্লিজ এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নাই।’
আসিফ নজরুল উদাহরণ দিয়ে বলেন, ‘আমার বাসায় একটা ছেলে ছিল আমার সাহায্যকারী হিসেবে, সে গিয়েছে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়েছে। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করেছে, সেখানে এতো টেস্ট লাগেনি।’
এছাড়া হাসপাতলের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। বলেন, ‘একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পান, তবে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে?’
এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।
Reporter Name 









