মৌসুম শুরুর ম্যাচে প্রত্যাশার দাবি মেটাতে পারেনি রিয়াল মাদ্রিদ; যদিও পেনাল্টি থেকে পাওয়া কিলিয়ান এমবাপের একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার লা লিগায় ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করল রিয়াল।
স্কোর লাইন অবশ্য ম্যাচের আসল চিত্র তুলে ধরছে না। শুরু থেকেই চালকের আসনে ছিল রিয়াল। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন্য শট ও তা লক্ষ্যে রাখা- সব ক্ষেত্রেই অনেক এগিয়ে ছিল শাবি আলোন্সোর দল।
৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয় স্বাগতিকরা, এর পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে দুটি চেষ্টার একটিও লক্ষ্যে ছিল না ওসাসুনার। আক্রমণেও তাদের কোনো আগ্রহ দেখা যায়নি। পুরো ম্যাচেই রক্ষণ শক্ত রেখে খেলতে দেখা গেছে সফরকারীদের।
দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে এমবাপেকে হুয়ান ক্রুস ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। সফল স্পটকিকে নিজেই গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবার নিজের প্রথম ম্যাচেই পেলেন জালের দেখা। দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৭ ম্যাচে গোল করল রিয়াল।
ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার আবেল ব্রেতোনেস।
Reporter Name 









