টানা পারফর্ম করেও জাতীয় দলের দরজা খুলছে না নুরুল হাসানের জন্য। তবে এবার ‘এ’ দলের অধিনায়ক হয়ে তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ৭ আগস্ট থেকে টপ এন্ড টি–টোয়েন্টি টুর্নামেন্টে ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন ২০২৩ সালের পর আর জাতীয় দলের হয়ে মাঠে না নামা নুরুল।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৮ গড় ও ৯৩.৫৫ স্ট্রাইক রেটে ৫১২ রান করেন নুরুল। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচের একটিতে করেন সেঞ্চুরি, তিন অঙ্কের দেখা পান চার দিনের ম্যাচেও। কিছুদিন আগে তাঁর নেতৃত্বে গ্লোবাল সুপার লিগে রানার্স আপ হয়ে এসেছে রংপুর রাইডার্স।
নুরুলের নেতৃত্বে আজ ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলটা অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়েছেন নির্বাচকেরা। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো সংস্করণে অভিষেক হয়নি এমন ৪ জন ক্রিকেটার জিসান আলম, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ ও মুশফিক হাসান আছেন এই দলে।
আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ‘এ’ দলে টেস্টের নিয়মিত মুখ নাঈম হাসান আছেন, রাখা হয়েছে পেসার হাসান মাহমুদকেও।
Reporter Name 









