যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা বা শাটডাউন রেকর্ড ৩৬তম দিনে পৌঁছেছে। এতে বিমান চলাচল নিয়ন্ত্রণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন পরিবহন সচিব শন ডাফি বুধবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ৪০টি বড় বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন।
এই আকস্মিক ঘোষণায় যুক্তরাষ্ট্রজুড়ে এয়ারলাইনগুলোকে নতুন করে ফ্লাইটের সময়সূচি সাজাতে হচ্ছে। মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে হাজারও ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তনের কাজ শুরু হয়েছে। যাত্রীরা এয়ারলাইনগুলোর হেল্পলাইনে যোগাযোগ করে ভ্রমণ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন।
ডাফি বলেন, ডেমোক্রেটরা সরকার পুনরায় চালু করতে রাজি হলে কাটছাঁট প্রত্যাহার করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম এই অচলাবস্থার কারণে ১৩ হাজার বিমান পরিবহন নিয়ন্ত্রক ও ৫০ হাজার পরিবহন নিরাপত্তা প্রশাসন অ্যাজেন্ট বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন।
বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যাপক ঘাটতির কারণে শাটডাউন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমান সংস্থাগুলি জানিয়েছে, কমপক্ষে ৩২ লাখ যাত্রী ইতোমধ্যেই বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
Reporter Name 















