নেইমারকে অবশেষে পেয়েই গেল সৌদি আরবের ক্লাব আল হিলাল।
আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি হয়ে গেলো নেইমারের। ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সৌদি প্রো লিগের দলটি।
ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’
নেইমার জানালেন, তার লক্ষ্য নতুন এক স্পোর্টিং ইতিহাস লেখা। সৌদি প্রো লিগে এখন দুর্দান্ত উদ্যম এবং ভালোমানের খেলোয়াড় আছে বলে মনে করছেন সাবেক পিএসজি তারকা।
নেইমার বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব, তাদের দুর্দান্ত সমর্থক রয়েছে এবং এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমার মনে হচ্ছে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।
এদিকে নেইমারকে হারিয়ে ব্যথিত পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘নেইমারের মতো দুর্দান্ত একজন খেলোয়াড়কে বিদায় বলা সবসময়ই কঠিন। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’
Reporter Name 









