এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, অথচ আলোচনা যেন শেষই হচ্ছে। মাঠের লড়াইয়ের পর এবার মাঠের বাইরেও লড়াই করে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। দুই পক্ষই একে অপরের ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ জানিয়েছে এ খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ করেছে পাকিস্তানের পেসার হারিস রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে। ২১ সেপ্টেম্বর দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ফারহান ফিফটি করার পর একে-৪৭ বন্দুক চালানোর মতো ভঙ্গিতে উদ্যাপন করেন। একই ম্যাচে রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করে হাত নাড়েন।
এই দুটি ব্যাপার ভালোভাবে নেননি ভারতীয়রা। তারা বেশ সমালোচনা করেন। এটিকে ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ করার ইঙ্গিত বলে অভিযোগ দায়ের করেছে ভারতীয় বোর্ড। একই সঙ্গে শুভমান গিল ও অভিষেক শর্মার সঙ্গে রউফের বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়া নিয়েও বিসিসিআই আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। আইসিসি অভিযোগ গ্রহণ করেছে।
অভিযোগের প্রেক্ষিতে আইসিসি জানিয়েছে, পাকিস্তানি দুই ক্রিকেটার যদি দায় অস্বীকার করেন, তবে শুনানি বসবে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শুনানির দায়িত্বে থাকবেন। দোষ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারেন রউফ ও ফারহান।
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করেছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পর সূর্যকুমার ভারতীয় সেনাদের জন্য জয় উৎসর্গ করে বক্তব্য দেন। পিসিবির দাবি, এ মন্তব্য রাজনৈতিক। এটার জের ধরেই আইসিসি রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমারের কাছ থেকেও ব্যাখ্যা চেয়েছেন।
জানা গেছে, ভারতীয় অধিনায়ক অভিযোগ অস্বীকার করলে তাকেও শুনানির মুখোমুখি হতে হবে। তবে একটা দিক থেকে পাকিস্তান ভুল করে ফেলছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ঘটনা ঘটার সাত দিনের মধ্যে আইসিসির কাছে অভিযোগ করতে হয়। সূর্যকুমারের মন্তব্যের সাত দিন পেরিয়ে গেছে আগেই। ফলে, পাকিস্তান বেঁধে দেওয়া সময়ের মধ্যে অভিযোগ করেছে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
Reporter Name 









