ভারতের সঙ্গে সর্বাত্মক আলোচনায় প্রস্তুত পাকিস্তান। এ আলোচনার মধ্যে দীর্ঘদিনের কাশ্মীর ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। এ মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার।
শুক্রবার তিনি পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন। কয়েক মাস আগে দুই পারমাণবিক প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে।
পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়। পারমাণবিক শক্তিধর এ দুই দেশ পরস্পরকে দোষারোপ করে। নয়াদিল্লি কোনো প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে দায়ী করে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ব্যাপক পাল্টা সামরিক অভিযান চালায়। যার নাম দেওয়া হয় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’। এতে পাকিস্তান বিভিন্ন অঞ্চলে একাধিক ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। যার মধ্যে তিনটি ছিল রাফাল, পাশাপাশি ডজনখানেক ড্রোন ধ্বংস করা হয়। কমপক্ষে ৮৭ ঘণ্টা পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দেন, ওয়াশিংটন দুই দেশের সঙ্গে আলোচনা শেষে এই চুক্তি নিশ্চিত করে। তবে ভারত দাবি করেছে, এটি ট্রাম্পের হস্তক্ষেপ বা বাণিজ্য আলোচনায় হুমকির ফল নয়। অন্যদিকে পাকিস্তান ট্রাম্পের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দার বলেন, ভারতের সঙ্গে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তিনি উল্লেখ করেন যে, যুদ্ধবিরতির জন্য প্রথম অনুরোধ এসেছিল ভারতের পক্ষ থেকেই, যুক্তরাষ্ট্রের মাধ্যমে। যুক্তরাষ্ট্র থেকে আমাকে ফোন করে যুদ্ধবিরতির বিষয়ে জানানো হয়।
আরও জানান, পাকিস্তান কখনো যুদ্ধ চায়নি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও থাকা দার বলেন, পাকিস্তান কোনো বাইরের মধ্যস্থতার মাধ্যমে ভারতের সঙ্গে আলোচনা শুরুর অনুরোধ করেনি, বরং নিরপেক্ষ স্থানে বৈঠকের প্রস্তাব এসেছিল। তবে তিনি স্পষ্ট করেন যে, পাকিস্তান কোনো একমুখী এজেন্ডাভিত্তিক আলোচনায় বসবে না।
দার বলেন, ভারতের সঙ্গে যেকোনো আলোচনায় অবশ্যই সব অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। বিশেষ করে কাশ্মীর।
এদিকে আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পাকিস্তান সফরের কোনো নির্ধারিত সূচি নেই।
Reporter Name 









